admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের উপর মালিকপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়।
শনিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার ডংলিওন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার এঘটনা ঘটে। এসময় ঘটনায় উপস্থিত থাকা ৬ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।এ ঘটনার আটককৃতদের সবাই বিএনপির অঙ্গ সংগঠন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা যায়।
জানা যায়, ছাটাইকৃত কয়েকজন কর্মকর্তা ও শ্রমিককে পুনর্বহাল করায় বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে। এসময় মালিকপক্ষ বহিরাগতদের দিয়ে কাজে যোগ দিতে বাধ্য করে। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে চাইলে মালিকপক্ষের লোকজন তাদের উপর হামলা করে। এতে অন্তত ২০জন শ্রমিক আহত হয়।
শ্রমিকরা জানায়, কয়েকজন কর্মকর্তা ও শ্রমিককে ছাঁটাইসহ কয়েকটি দাবী নিয়ে আন্দোলন করেছিল। সেসব দাবী মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্ত ছাঁটাইকৃর্ত কর্মকর্তা ও শ্রমিকদের আবারও পূর্ণবহাল করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে চলে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আজ আন্দোলন চলাকালে মালিকপক্ষ বহিরাগতদের দিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে যৌথবাহিনী এসে কয়েকজন বহিরাগতদের আটক করে নিয়ে যায়। বহিরাগতদের অধিকাংশ একটি রাজনৈতিক দলের কর্মী ছিল। তার কর্মীদের দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ বলেন, আমার সাথে পূর্ব পরিচিত থাকায় কারখানার কনক নামের এক কর্মকর্তা নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেন। সে জন্য দৈনিক বেতনে কয়েকজন লোক দেওয়া হয়। কিন্ত আজকে তাদের উপর হামলা করেছে শ্রমিকরা। কিন্ত উল্টো তাদেরকে যৌথবাহিনী ধরে নিয়ে গেছে।
আটককৃতরা তার কর্মীদের কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা তারা আমার অনুসারী। কারখানা নিরাপত্তার জন্য দৈনিক বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তো তারা কারখানার লোক। প্রয়োজনে মালিকপক্ষের সাথে কথা বলেন।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর বলেন, এ ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। তারা সবাই বহিরাগত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।