admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
আল্লামা কাসেমীর জানাজা সোমবার জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ। আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দেশের বিশিষ্ট এই আলেমকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১০ ডিসেম্বর রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল শনিবার সকালে তার অবস্থার আবারো অবনতি হয়।
আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এর আগে জানান, হুজুরের ফুসফুসের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। সেই সমস্যটা এখন জটিল পর্যায়ে এসে পৌঁছেছে। গতকাল (শুক্রবার) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চোখ খুলে আমাদের দিকে তাকিয়েছিলেন। কিন্তু আজ (শনিবার) সকাল থেকে আবারো তার অবনতি হচ্ছে। সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই আল্লামা নূর হোসাইন কাসেমী ঢাকা মহানগর আমীরের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর নতুন কমিটি গঠন করা হয়। সেখানে মহাসচিবের দায়িত্ব পান নূর হোসাইন কাসেমী। আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা জুনাইদ বাবুনগরী।