admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
আলোচিত শিল্পপতি শমসের বিন মুসার স্ত্রী ও ছেলেসহ ডিবি কার্যালয়ে। দেশের আলোচিত শিল্পপতি প্রিন্স মুসা বিন শমসেরকে তলব করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে হাজির হলে তাকে এক প্রতারকের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপ-কমিশনার মশিউর রহমান। তিনি জানান, স্ত্রী ও ছেলেসহ আজ বেলা সাড়ে ৩টায় মিন্টো রোডে ডিবির কার্যালয়ে যান মুসা বিন শমস। সেখানে তাকে ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুসার সঙ্গে আব্দুল কাদের।
তবে এ বিষয়ে মুসা পরিবার মুখ খুলেছে কিনা, সে বিষয়ে তিনি কিছু জানাননি। জানা গেছে, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুল কাদেরের সঙ্গে মুসা পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে ডিবি। রোববার আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানানো হয়। এ ছাড়া তদন্তেও কিছু তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করে সংস্থাটি। সম্প্রতি মুসা বিন শমসেরের কথিত আইন উপদেষ্টা আব্দুল কাদের চৌধুরী নামে এক প্রতারককে গ্রেপ্তারের কথা জানায় ডিবি।
অতিরিক্ত সচিব পরিচয় দেয়া এই ব্যক্তির প্রতিষ্ঠান থেকে মুসার সঙ্গে তোলা একাধিক ছবি ও কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। ডিবি বলছে, গ্রেপ্তার আব্দুল কাদেরের আসল নাম আব্দুল কাদের মাঝি। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই ব্যক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। মন্ত্রণালয়ের স্টিকার লাগানো এক কোটি ২০ লাখ টাকা দামের প্রাডো গাড়িতে করে সচিবালয়ে ঢুকতেন তিনি।