admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
আল জাজিরার প্রতিবেদনটি তদন্তে জানা যাবে কী হয়েছে বলেছেনগওহর রিজভী। তথ্য-প্রমাণের ভিত্তিতে হয়নি, সমালোচনা, হামলা ও হেয় করার জন্য নানা অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নৌ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারে অংশ নেন তিনি। পরে সাংবাদিকরা জানতে চাইলে হলুদ সাংবাদিকতা ও চাঞ্চল্য সৃষ্টি বলে মন্তব্য করেন।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর ওপর সরাসরি আক্রমণ উল্লেখ করে তার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কেন? কী করেছেন? কী দোষ করেছেন? ইসরায়েলি গোয়েন্দা নজরদারি সামগ্রী কেনার অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রথমে জানতে হবে এটি কেনা হয়েছে কি না, হলে কী ধরনের প্রযুক্তি এবং কোথা থেকে কেনা হয়েছে। সেটা বাংলাদেশে নাকি বিদেশে ব্যবহার হবে। অনেক সময় প্রযুক্তিসামগ্রী দ্বিতীয়, তৃতীয় দেশ দিয়েও কেনা হয় উল্লেখ করে গওহর রিজভী বলেন, এসব বিষয়ে অনুমান করে নয়, ভালো করে এর তদন্ত হতে হবে। তদন্ত হলেই জানা যাবে, কী হয়েছে। তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নিশ্চয়ই এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যাখ্যা-বিশ্লেষণ দেয়া হচ্ছে, আরো দেয়া হবে। এটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। এটা যা, তা হিসেবেই দেখা উচিত।
প্রতিবেদনটি পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন আখ্যায়িত করে গওহর রিজভী বলেন, অনেকগুলো অভিযোগ করা হয়েছে, অনেক বক্রোক্তিতে ভরা সেটি। এ নিয়ে সারা দেশের ঘৃণার প্রতিক্রিয়া সবাই দেখেছে। তবে কোনো অন্যায় ও দুর্নীতি হলে স্বাভাবিকভাবে যথেষ্ট তদন্ত হবে মন্তব্য করে তিনি আরো বলেন, কাউকে ছাড় দেয়া হবে না।