admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৯:২৫ পূর্বাহ্ণ
আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের ঘটণা ঘটেছে। অজ্ঞাত এক দল অপহারণকারী সিলসিলা আলিখিল নামে রাষ্ট্রদূতের ওই কন্যাকে অপহরণ করে কয়েক ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্যাতন চালায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আফগান সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার এ অপহরণের ঘটনা ঘটে। পাকিস্তান সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আফগান সরকার।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত নজিবুল্লাহ আলিখিলের কন্যা সিলসিলা আলিখিলকে বাসায় ফেরার পথে অপহরণ করা হয়। এর পর কয়েক ঘণ্টা আটকে রেখে তাকে ‘গুরুতর নির্যাতন’ করা হয়েছে। অবশ্য এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, সিলসিলা আলিখিল অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং পাকিস্তানে নিযুক্ত আফগান কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস তাদের জানিয়েছে যে, রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিল একটি গাড়ি ভাড়া করে বাসায় ফেরার সময় লাঞ্ছিত হয়েছেন। পাকিস্তানি পুলিশ ন্যাক্কারজনক এই ঘটনার তদন্ত করছে। এ ছাড়া ওই রাষ্ট্রদূত ও তার পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।