admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
আদালত ৬ নির্দেশনা দিয়েছে গৃহকর্মী নিয়োগে ক্ষেত্রে। গৃহকর্মীর দ্বারা মালিকের বাসায় চুরি নিত্য-নৈমত্তিক ঘটনা। এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। সর্বশেষ রোববার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায়ে অভিযুক্ত দুই গৃহকর্মীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই প্রেক্ষিতেই এবার সতর্কতার জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
তার আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের দেয়া রায়ে মাহফুজার বাসার দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও মোসাম্মৎ রেশমা আক্তার ওরফে রুমাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি চুরির জন্য তাদের সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।
গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ রাজধানীর এ্যালিফেন্ট রোডে অবস্থিত সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে। তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করে পুলিশ। এ ঘটনায় পরদিন রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মাহফুজার স্বামী ইসমত কাদের গামা।
রায়ের পর্যবেক্ষণে ভবিষ্যতে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতার জন্য ৬ দফা নির্দেশনা দিয়েছেন আদালত। সেগুলো হলোঃ
১) নিয়োগের তারিখ থেকে ৯০ দিন পর্যন্ত তাকে সতর্কভাবে পযর্বেক্ষণ করতে হবে। মূলত বাসার মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যাওয়া ঠেকাতেই এ সিদ্ধান্ত। গৃহকর্মী কোনো অন্যায় কাজ করলে তাকে কোনো প্রকার আঘাত বা মারধর করা যাবে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বা সমাজসেবা অফিসারকে জানাতে হবে।
২) বাসার গৃহকর্মী রাখার ক্ষেত্রে অবশ্যই তার বিস্তারিত তথ্য বিশেষ করে জীবন বৃত্তান্ত ও ছবি রাখতে হবে এবং সংশ্লিষ্ট থানায় তা জমা দিতে হবে।
৩) বাসার মূল প্রবেশ পথে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
৪) ওই গৃহকর্মী যদি আরেক জন গৃহকর্মীকে অন্য কোনো বাসায় কাজ দেয় তাহলে তার নাম-ঠিকানা, জীবন বৃত্তান্ত ও ছবি রাখতে হবে এবং সংশ্লিষ্ট থানায় তা জমা দিতে হবে।
৫) গৃহকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে কোম্পানির কার্যক্রমের বিষয়ে অবগত করতে হবে। আর যদি লাইসেন্স না থাকে তাহলে ওই কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
৬) গৃহকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের নিবন্ধিত গৃহকর্মীদের ছবি ও জীবন বৃত্তান্ত রাখতে হবে এবং তা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।