admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশে করোনার মহামারির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজ শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিহ বৈঠকে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেই ছুটি কয়েক ধাপে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তার মধ্যেই আজ এ নতুন ঘোষণা দেওয়া হলো।
এদিন বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।