admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৯ ১:৫৩ অপরাহ্ণ
ডেসটিনির চেয়ারম্যান এমডি’র জামিন মেলেনি ,দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যর আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে বৈচারিক আদালতে থাকা ওই মামলা দুটির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীনকে কারাগারেই থাকতে হচ্ছে। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ ছিল ২ হাজার ৮ শত কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিলেই জামিন পাবেন ডেসটিনির দুই কর্ণধার।ডেসটিনির সৃজনকৃত ৩৫ লাখ গাছ বিক্রি করে ওই অর্থ পরিশোধের কথা ছিল তাদের। কিন্তু তিন বছরেও ওই আদেশের বাস্তবায়ন হয়নি। ফলে মুক্তিও মেলেনি।
গত রোববার জামিন শুনানিতে ডেসটিনির আইনজীবীর কাছে আদালত জানতে চান, গাছ কোথায় গেল? জবাবে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি মৃদু হেসে বলেন, গাছ তো ছাগলে খেয়ে ফেলেছে! পরে তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী অধিকাংশ গাছ কেটে নিয়েছে। যার কারণে অর্থ পরিশোধ সম্ভব হয়নি। তিনি বলেন, ২০০৯ সালের অর্থপাচার আইনে সর্বোচ্চ সাজা ৭ বছর। দুই মামলায় জামিন চেয়ে গত আগস্টে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির ওই দুই শীর্ষ কর্তা। এই আবেদন চেম্বার বিচারপতির আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত রোববার শুনানি নিয়ে আজ আদেশ দিলেন আদালত।
আদালতে ডেসটিনির দুই শীর্ষ কর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী এম মইনুল হাসান। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।