বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আধারদিঘী এলাকায় খালে পড়ে মূত্রিকা পাল নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মূত্রিকা পাল নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালে স্থানীয়রা শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নিহত মূত্রিকা পাল আধারদিঘী এলাকার বড়বাড়ী গ্রামের বাসিন্দা রতি পাল ও তাপসী পাল দম্পতির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি খালে শিশুটির সন্ধান মেলে।
স্থানীয়দের ধারণা, সবার অগোচরে শিশুটি কোনোভাবে খালে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তবে কীভাবে শিশুটি খালে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মাঝেও শোকের সৃষ্টি হয়েছে।