উত্তম শর্মা,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)-এর উদ্যোগে শিশুদের সঞ্চয়ী উদ্যোগ মাটির ব্যাংক-এর সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীরগঞ্জ উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরগঞ্জ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এবং সাদিয়া আক্তার জেমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রবার্ট কমল সরকার শিশুদের সঞ্চয়ী উদ্যোগের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। পরে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সার্বিক অগ্রগতি ও তথ্য উপস্থাপন করেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।
উপস্থাপিত তথ্যানুযায়ী, বীরগঞ্জ উপজেলার মোট ৫ হাজার ৭৯২ জন শিশু এ সঞ্চয়ী উদ্যোগে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২ হাজার ৪৯৭ জন ছেলে এবং ৩ হাজার ২৯৫ জন মেয়ে। মাটির ব্যাংকে সঞ্চয় করা অর্থ ভেঙে শিশুদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ ৬৬ হাজার ৮০৭ টাকা।
সঞ্চয়ের অর্থ দিয়ে শিশুরা বিভিন্ন গৃহপালিত পশুপাখি ক্রয় করেছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৩০৫টি হাঁস, ৩ হাজার ১১৭টি মুরগি, ৩৬৮টি কবুতর ও ৯টি খরগোশ, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৫৬৮ টাকা। এছাড়া ৫২৪টি ছাগলের মূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা। পাশাপাশি ব্যাংক হিসাবে জমা রয়েছে আরও ১ লাখ ৭৫ হাজার ৯৪০ টাকা। সব মিলিয়ে শিশুদের সঞ্চয় ও সৃষ্ট সম্পদের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৮৬ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা। অনুষ্ঠানে শিশুদের মধ্যে নিজেদের অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন মো. সাকিব ইসলাম ও অনুরাধা রানী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুজালপুরের আরসি শিশুর অভিভাবক ছবি বেগম।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি শিশুদের এই প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে সর্বোচ্চ সঞ্চয়কারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে বীরগঞ্জ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকারের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।