admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এক রোগীকে চিকিৎসা না দিয়ে হাসপাতালের সামনে রাস্তায় ফেলে গেলেন আয়া। খবর পেয়ে সে রোগীর দায়িত্ব নিলেন এসপি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মোশারফ হোসেন নামে এক রোগীর চিকিৎসা না দিয়ে তাকে রাস্তায় ফেলে যান আয়া। রোগীর বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোশারফ হোসেন দিনমজুরের কাজে ফরিদপুরে এসেছিলেন। ২৫ দিন আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে হাসপাতালের এক আয়া ট্রলিতে করে নিয়ে এসে হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল রোডে ওই রোগীকে ফেলে দিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ফরিদপুরের মানবিক পুলিশ সুপার আলীমুজ্জান এই রোগীর দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে রোগী মোশারফ হোসেন বলেন, আমি অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতালের ডাক্তার আমাকে কোনো চিকিৎসা সেবা দেননি। আমাকে একটি ট্যাবলেটও দেননি। অসুস্থ অবস্থায় রোদের মধ্যে রাস্তায় ফেলে গেছেন। পরে পুলিশ এসে আমাকে আবার হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আমি অন্য একটি বিষয়ে খুবই ব্যস্ত ছিলাম। ঘটনা সঠিক। থানা থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নিয়েছি। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমি আজ বাহিরে ছিলাম। এ কারণে বিষয়টি জানা নেই। দ্রুত এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।