admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে জাতীয় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে ঘুরতে আসা দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়ায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে অর্ধশতাধিক বহিরাগত লোকজন। এসময় পুলিশ,আনসার সদস্য ও স্থানীয় লোকজনের ত্রি-মুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ-আনসারসদস্যসহ আহত ৬ জন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন : আনসার জহিরুল ইসলাম ,আলমগীর ও মোসারফ।এবং পুলিশ সদস্য শামীমসহ আরও দুই স্মৃতিসৌধের কর্মচারী আহত হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কয়েক হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে। এ সময় স্মৃতিসৌধের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুশিলের সদস্য ও আনসাররা তাদের বাধা দেয়। এতে উত্তেজিত দর্শনার্থীরা পুলিশ ও আনসার সদস্যদের উপর হামলা চালায়।
সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,করোনা ভাইরাসের কারণে ১৩ জানুয়ারি ২০২২ থেকে স্মতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার বিকেল অর্ধশতাধিক বহিরাগত লোকজন স্মৃতিসৌধে প্রবেশের জন্য দুটি গেটে ভীড় জমায়। এসময় স্মৃতিসৌধের গেটে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যরা তাদেরকে স্মৃতিসৌধে প্রবেশে বাধা দিলে বহিরাগত লোকজন স্মৃতিসৌধের গেট ভাঙচুর করে স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করে। এ সময় বহিরাগতরা আবারও ভাঙচুর শুরু করে।
স্মৃতিসৌধের দায়িত্ব পালনরত পুলিশ,আনসার সদস্য বহিরাগতদের বাধা দেয়। তখন আনসার,পুলিশ ও বহিরাগতদের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জন যুবককে আটক করে। আশুলিয়া থানা পুলিশ বলছে,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।