admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে খাবার খাওয়ার সময় ইট দিয়ে থেঁতলে ও কুঠার দিয়ে কুপিয়ে নৃশংসভাবে ছেলের হাতে খুন হয়েছেন বাবা আসাদ হোসেন (৪৭)। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল গ্রামে ঘটনাটি ঘটে। বাবাকে হত্যা পর ছেলে উজ্জ্বল হোসেন (১৯) আত্মগোপন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল গ্রামের মৃত কয়েদ আলীর ছেলে আসাদ হোসেন সকালের খাবার খেতে বসেন। এ সময় তার অনার্স পড়ুয়া ছেলে উজ্জ্বল হোসেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ইট দিয়ে থেঁতলে বাবাকে আহত করে। পরে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ছেলে।
পরে স্থানীয় লোকজন দৌড়ে আসতেই দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন আসাদ হোসেন। পরে ধামরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধামরাই থানার এসআই মো. আরাফাত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।