admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টার ঢাকাঃ সাভারে হকার্স লীগের ৪ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা (নং-৬৫) হয়েছে। মামলা দায়েরের আগেই পুলিশ মঙ্গলবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আটক করেছে। তবে এ ঘটনায় গতকাল বুধবার বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক তারেক বীন ওবায়েদ বাদী হয়ে আটক জুয়েল (৪০)কে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলার অপর আসামীরা হলেন, সাভার উপজেলা শাখা হকার্সলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা (৬৫), বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সভাপতি নজরুল (৪২), বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর (৫০) ও শ্রমিক লীগ নেতা কবির হোসেন (৩৫)। তবে মামলার দ্বিতীয় আসামী হকার্স লীগ নেতা আব্দুল কাদের মোল্লা মামলার বাদী, অন্যান্য আসামী এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাভার বাজার বাসস্ট্যান্ডে হকার্সদের কাছ চাঁদাবাজীর অভিযোগে প্রতিকার চেয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি ঢাকা রেঞ্জসহ বিভিন্ন দপ্তরের আবেদন করেছেন বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে বাটা শো-রুমের সামনে ফুটপাতে বাদী তারেক বীন ওবায়েদের শীতের কাপড়ের দোকানে আসামী জুয়েল ৫০০ টাকা দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকার করলে জুয়েল তাকে বিভিন্ন ধরনের হুমকী দেয়। তখন বাদী তারেক বীন ওবায়েদ তাকে ৫০০ টাকা দিয়ে দেয়। পরে কে বা কারা জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে এ সেবার সাভার থানা এলাকার টহলরত অফিসার সঙ্গীয় ফোর্সসহ আসামী জুয়েলকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়েলের কাছ থেকে চাঁদাবাজির ৩,৯৩৫/- জব্দ করে।
পরে তাকে সাভার মডেল থানায় সোপর্দ করে। পরে থানায় চাঁদাবাজ জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে সে কাদের মোল্লা, নজরুল, আতাউর ও কবীরের নির্দেশ ও সহায়তায় টাকা আদায় করে বলে জানায়। তাকে আটকের সময় বাকী আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায়।