admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
স্বামী নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ। জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাবি, এক শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। তবে ইলমা চৌধুরী মেঘলা, ২৪, নামের এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে শ্বশুরবাড়ির লোকজন। যদিও তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, মেঘলা ঢাবির নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এ ঘটনায় বনানী থানা পুলিশ তার স্বামীকে আটক করেছে।
ইফতেখার আবেদীন, ৩৬, নামের ওই ব্যক্তি একজন প্রবাসী বলে জানা গেছে। বনানী থানার অফিসার ইনচার্জ, ওসি, নুরে আজম মিয়া তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, দিবাগত রাতে ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। এর আগে একই দিন বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তার সহপাঠীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মরদেহের শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে।
মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মেঘলার পরিবার অভিযোগ করেছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মেঘলাকে প্রথমে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক, হাসপাতালে পাঠানো হয়।