admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
মানুষের বিষে কুকুরের ছটফটানি! রাতের বেলায় একসঙ্গে ৮-১০টি কুকুর ঘুরে বেড়াতো, পুরো এলাকাটি পাহারা দিতো। শান্ত স্বভাবের কুকুরগুলোর কয়েকটিকে কে বা কারা বিষ খাইয়েছে বলে অভিযোগ এসেছে। এই দলের ৩টি কুকুর রাস্তার পাশে ছটফট করতে দেখেন এক পথচারী। তারপর ঘটেছে অনন্য এক দৃষ্টান্ত! গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী সাইডিংবাজারে ঘটনাটি ঘটে। রাত দেড়টার সময় রাস্তার পাশে একসঙ্গে তিনটি কুকুরকে ছটফট করতে দেখেন ওই পথচারী।
তিনি ফোন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে দুটি কুকুর কিছুটা স্বাভাবিক হয়ে যায়, অন্যটি ঝোপের মধ্যে পড়ে তারে আটকে ছটফট করতে থাকে। সেখানে জড়ো হওয়া লোকজনের সহযোগিতায় তারের ফাঁস থেকে কুকুরটিকে উদ্ধার করে রাতভর শুশ্রূষা করা হয়। সারা রাত সেখানে চেয়ারম্যান তদারকি করেন, আজ শুক্রবার সকালে কুকুরটি সুস্থ হলে বাড়ি ফেরেন তিনি।
তবে কুকুরটিকে বাঁচাতে প্রথমে স্থানীয় প্রাণিসম্পদ অফিসে ফোনে যোগাযোগের চেষ্টা করে কারো সাড়া পাননি চেয়ারম্যান এনাম উদ্দিন। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে রাত ৪টার দিকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছান। এর আগেই কুকুরটিকে উদ্ধার করে পোস্ট অফিসের সামনে নিয়ে যান স্থানীয়রা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, গভীর রাতে অপরিচিত একজন ফোন করে জানান, কে বা কারা যেন তিনটি কুকুরকে বিষ খাইয়েছে, সেগুলো এখন ছটফট করছে। শুনে সেখানে গিয়ে কুকুরগুলোর যন্ত্রণা দেখে খুব কষ্ট লেগেছে। রাতভর সবার চেষ্টায় কুকুরটি আজ সকালে উঠে দাঁড়িয়েছে, প্রাণিসম্পদের লোকজনও এসে দেখে গেছে।