admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৯:৩৩ পূর্বাহ্ণ
এবার ৮ বাংলাদেশির নাম প্যান্ডোরা পেপার্সে। আর্থিক কেলেঙ্কারি নিয়ে তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা প্যান্ডোরা পেপার্স এবার নতুন একটি নথি প্রকাশ করেছে। সোমবার রাতে এটি প্রকাশ করা হয়। এই নথিতে ৮ বাংলাদেশির নাম উঠে এসেছে এবং তারা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বিভিন্ন কোম্পানির মালিক বলে জানা গেছে। ওয়াশিংটন-ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক কনসোর্টিয়াম ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে বিশ্বজুড়ে সম্পদশালীদের নানা অনিয়ম ও গোপন তথ্য ফাঁস করে আসছে। প্যান্ডোরা পেপার্সের এই নথিও তারাই ফাঁস করে।
এতে যে বাংলাদেশিদের নাম এসেছে তাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও রাশিয়ার মতো দেশের নাগরিকত্ব রয়েছে। নথি অনুযায়ী, তালিকায় থাকা বাংলাদেশিদের একজনের নাম নিহাদ কবীর। ২০০৮ সালের আগস্টে তার নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ক্যাপিটাল ফেয়ার হোল্ডিংস লিমিটেড নামে একটি কোম্পানি নিবন্ধিত হয়।
এই নারী ব্যবসায়ীর ঢাকার ইন্দিরা রোডে একটি বাসা রয়েছে। তালিকায় থাকা আরেক বাংলাদেশি হলেন সাইদুল হুদা চৌধুরী। বেবেন ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক। প্যান্ডোরা পেপার্সের নতুন নথিতে নাম থাকা আরেক বাংলাদেশির নাম ইসলাম মঞ্জুরুল। তার ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার গুলশান। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ওরিয়েন্টাল এগ্রিকালচারাল কেমিক্যাল কোম্পানি নামে নিবন্ধিত একটি কোম্পানির মালিক তিনি। একই সঙ্গে যুক্তরাজ্যের পরিচয়ও আছে তার।
তালিকায় নাম থাকা আরেক বাংলাদেশি হলেন আনিতা রাণী ভৌমিক। তিনি ইন্টারপ্রাইজ হোল্ডিংস লিমিটেডের মালিক। অপরজন হলেন সাকিনা মিরালি, যিনি মুন রেকার সার্ভিস করপোরেশনের মালিক। এরপর রয়েছেন মোহাম্মদ ভাই নামে একজনের নাম। তিনি ১৯৩৬ হোল্ডিংস লিমিটেডের স্বত্বাধিকারী। তালিকায় থাকা ওয়ালটার প্রামাদ নামের বাংলাদেশি সিল্ট লিংক লিমিটেডের মালিক।
এ ছাড়া রয়েছে ডেনিয়েল ওরনেস্টো আয়ুবাট্টির নাম। তিনি কুডেল লিমিডেটের স্বত্বাধিকারী। নথিতে আনিতা রাণীর ঠিকানা দেখানো হয়েছে পুরান ঢাকার চকবাজার। অপরদিকে, সাকিনা মিরালি, মোহাম্মদ ভাই ও সাইদুল হুদার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজধানী ঢাকার গুলশান।