admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে । সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় পীরগঞ্জ থানার উপ -পরিদর্শক (এসআই) আবু হামিদ মণ্ডল বাদী হয়ে এ মামলাটি করেন। স্থানীয় জানান, রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসার সহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান দায়িত্বরত বিজিবি সদস্যরা। ঐ সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় ২৯ নভেম্বর সোমবার ভোর পর্যন্ত তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন— ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ (৩৫), মোজাহারুল ইসলাম (৪০) ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)। বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের সদস্যারা দায়িত্বে ছিলেন।
ভোট কেন্দ্রে হামলা হলে আত্মরক্ষায় ইউএনওর নির্দেশে গুলি ছুড়তে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কোন বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচনে দায়িত্ব পালনে থাকা লোকজনের ওপর হামলাকালে এই ঘটনা ঘটে। এটা অস্বাভাবিক ঘটনা।