admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট জানাল র্যাব। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব জানিয়েছে, রাজধানী ঢাকার বেশকিছু এলাকা ছিনতাইয়ের হটস্পট হিসেবে পরিচিত। আর এসব এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির ঘটনা যেন প্রতিদিনকার চিত্র। তাই এসব এলাকায় কড়া নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন আজ মঙ্গলবার, ২৩ নভেম্বর, এসব ছিনতাই-প্রবণ এলাকার নাম উল্লেখ করেন। এসব এলাকায় তাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানান তিনি। একটি চক্র বাহিনীটির হাতে ধরা পড়ার পরই এসব তথ্য সামনে আসে বলে জানানো হয়। জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, রাজধানীর বেশকিছু এলাকাকে ছিনতাইয়ের হটস্পট ঘোষণা করেছে।
সেগুলো হলো— ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, লোহারগেট, রাজধানীর গাবতলী থেকে হাজারীবাগ এলাকার মধ্যকার স্লুইস গেট। এ ছাড়াও রয়েছে চন্দ্রিমা উদ্যান, নবোদয় হাউজিং, চাঁদ উদ্যান, রায়েরবাজার এলাকা। এসব জায়গায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত মূলত কিশোর গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি র্যাব-২ এমনই একটি চক্রকে গ্রেপ্তার করেছে। যারা এসব এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ভাইব্বা ল কিং নামক এই কিশোর গ্যাং গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)।
এ ছাড়া গ্রুপটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে— নয়ন (১৮), শাকিল (১৯), রুমন (১৮), জাহিদ (১৮) ও উদয় (১৯)। এ ছাড়া তিন অপ্রাপ্তবয়স্ক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কেউ অটোচালক, কেউ রিকশা চালক, কেউ নির্মাণ শ্রমিক, আবার কেউ রাজমিস্ত্রীর সহযোগী। তারাই এ ধরনের গ্রুপ করে অপরাধের সঙ্গে জড়াচ্ছে।