admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তান লুকিয়ে অপহরণ নাটক। প্রতিবেশীকে ফাঁসিয়ে বড় অংকের অর্থ হাতিয়ে নিতে নিজের সন্তানকে লুকিয়ে রেখে অপহরণ নাটক সাজানোর ঘটনা ঘটেছে। এ জন্য সন্তানকে লুকিয়ে রেখে প্রতিবেশীর নামে মামলাও করা হয়েছে। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। এ ঘটনায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা সেই শিশু আকাশ প্রধানকে উদ্ধার করেছে পিবিআই।
এর মাধ্যমেই ঘটনার মূল রহস্য উদঘাটিত হয়েছে। একই সঙ্গে অপহরণ নাটকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার (এসপি) এআরএম আলিফ রোববার (২১ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘটনার মূল রহস্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, মামলা গ্রহণের পর পিবিআই কথিত অপহৃত আকাশ প্রধানকে উদ্ধারের চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে গত শনিবার (২০ নভেম্বর) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থেকে আকাশকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে ওই শিশু জানায়, তার মা আম্বিয়া বেগম অপরিচিত এক ব্যক্তির সঙ্গে তাকে পাঠিয়ে দেয়। তবে জহুরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই।
এআরএম আলিফ বলেন, আকাশকে উদ্ধারের পর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের আদর্শপাড়া থেকে আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারের জহুরুল জানান, প্রতিবেশী মুক্তার হোসেনকে ফাঁসাতে আকাশ প্রধানের মা আম্বিয়া বেগম নিজ সন্তানকে তার হাতে তুলে দেন। গ্রেপ্তার জহুরুল জানান, তিনি পরবর্তীতে আকাশ প্রধানকে নিয়ে তার বোন জামাইয়ের বাসায় রেখে আসেন। এরপর আম্বিয়া বেগম অপহরণের গল্প সাজিয়ে প্রতিবেশী মুক্তারকে আসামি করে মামলাটি দায়ের করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন, মিথ্যা গল্প সাজিয়ে মামলা দায়ের করায় বাদী আম্বিয়া বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মূল ঘটনা আদালতকে অবহিত করা হবে। পাশাপাশি গ্রেপ্তার জহুরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানোর কথাও জানান তিনি।