admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১ ৯:৫১ পূর্বাহ্ণ
মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪ জন। চলমান ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনের দ্বিতীয় ধাপে মেম্বার পদে প্রার্থিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০), রহমান মোল্লা (৫৫) এবং ইমরান হোসেন (২৫)। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। তাদের মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে। আহতদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, নতুন করে যাতে কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে না পারে সেজন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।