admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে অস্ত্র ও গুলিসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন এর দেহরক্ষী রাকিব ওরফে কমান্ডো (২৬) নামের এক সন্ত্রাসীকে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) বিকালে সাভারের হেমায়েতপুর এর পূর্বহাটী নতুনপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম। স্থানীয় সুত্রে জানাযায়, পূর্বহাটী নতুনপাড়া এলাকায় রাকিব ওরফে কমান্ডো ও বুলবুলসহ কয়েকজন মহড়া দিচ্ছিলো। পুুলিশের উপস্থিতি টের পেয়ে বুলবুল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে সন্ত্রাসী রাকিব ওরফে কমান্ডো কে পুলিশ আটক করে এবং তার দেহ তল্লাশী করলে তার কাছ থেকে দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল পাওয়া যায়। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকিব ওরফে কমান্ডো এর দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল পাওয়া যায়। পরে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়।
এসময় অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক রাকিব ওরফে কমান্ডো আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন এর দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়েছে। এব্যাপারে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।