admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা র্যাবের হাতে আটক। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালিয়েছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত ওই প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। র্যাবের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভি ভবনে অভিযানের কথা জানিয়ে বলা হয়, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এলাকার ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় যান র্যাব সদস্যরা। এর কিছুক্ষণ পরেই ওই বাসায় প্রবেশ করেন র্যাবের কয়েকজন নারী সদস্য। প্রথমে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে তার বাসায় যাওয়ার কথা জানানো হয়। পরে সেখানে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী এবং অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এছাড়া, তার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি, ড্রোন ও বিপুল পরিমাণ ছুরি জব্দ করা হয়। এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।
সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আলোচনায় আসে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।