admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১:১১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিয়েতে রাজি না হওয়ায় তিন হাজার গাছ কাটা। বিয়েতে রাজি না হওয়ায় এক কৃষাণীর প্রায় তিন হাজার সবজি গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাড়ের টং গ্রামে। সবজির ভরা মৌসুমে ফলসহ গাছগুলো কেটে ফেলায় নিঃস্ব হয়ে পড়েছেন কৃষাণী জাহেরা খাতুন। রাতের আঁধারে তার চাষ করা ৩ একর জমির গাছগুলো কেটে এবং উপড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বানিয়াচং উপজেলার গুনই গ্রামের আনোয়ার আলী, পাড়ের টংয়ের ইনচার আলী ও কাদির মিয়ার বিরুদ্ধে।
জানা গেছে, ওই কৃষাণী জমিতে প্রায় তিন হাজার করলা, শশা, চালকুমড়া, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি গাছ লাগানো ছিল। এগুলোতে ফল ও ফুল দুটোই ধরেছিল। কিন্তু এখন সব মাটিতে পড়ে রয়েছে। গাছের গোড়া কেটে এবং উপড়ে ফেলে দিয়েছেন অভিযুক্তরা। এ বিষয়ে জাহেরা খাতুন বলেন, ঋণ নিয়ে তিন একর জমিতে তিনি চাষ শুরু করেন। রাতের আঁধারে ক্ষেতের ফসল কেটে ফেলায় এখন তিনি পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, আনোয়ার আলী, ইনচার আলী ও কাদির মিয়া মঙ্গলবার রাতে তার ক্ষেত নষ্ট করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার শ্রীমঙ্গল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও তিনি জানান। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য শিল্পী পাল বলেন, আনোয়ার মিয়ার স্ত্রী মারা গেলে তিনি জাহেরা খাতুনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু জাহেরা খাতুন রাজি হননি। আনোয়ার মিয়া ক্ষুব্ধ হয়ে এ কাজ করে থাকতে পারেন।এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।