admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
ওসি প্রদীপ যে কারণে মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করেন। মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার চার্জশিট আজ রোববার (১৩ ডিসেম্বর) আদালতে দাখিল করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে। সেখানে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ওসি প্রদীপকে। এর বাইরে আরো ১৪ জনকে অভিযুক্ত করা হয়। কেন ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করলেন, তাও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
চার্জশিট দাখিল করা হয় কক্সবাজার আদালতে। তবে এ নিয়ে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জানানো হয়, সিনহা হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিষয় তুলে ধরেছে র্যাব। কেন সিনহাকে হত্যা করা হলো, তার কারণ হিসেবে বলা হয়- ওসি প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, যে ১৫ জনকে প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে ১৪ জন বর্তমানে কারাগারে আছেন। সাগর নামের ওসি প্রদীপের এক সহযোগীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। কারাগারে যে ১৪ জন আছেন, তাদের মধ্যে ১২ জন ইতোমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলায় ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনকে আসামি করা হয়।