admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ৯:০৬ পূর্বাহ্ণ
সরকারি বরাদ্দ করা দুস্থদের জন্য ত্রাণসামগ্রী মাছকে খাওয়ান কর্মচারী! দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণসামগ্রী মাছের খাবার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মচারীর নাম আশরাফুল ইসলাম বিপুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অফিসের এই পিওন বিপুল পরিমান ত্রাণসামগ্রী তার লিজকৃত পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করেন। এ সময় স্থানীয়রা তা ধরে ফেলে। পরে উপজেলা প্রশাসনকে এ ঘটনা অবহিত করলে প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা দ্রুত ওই সমস্ত ত্রাণসামগ্রী উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয়রা জানান, দুর্যোগকালীন বিভিন্ন সময়ে উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে চাল, ডাল, আটা, মুড়ি, চিড়া, বিস্কুট, লবণ, সয়াবিন তেল ও অন্য সামগ্রীসহ ত্রাণ সহায়তা আসে। কিন্তু সেগুলো উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পন্ডিতপাড়ার আকতার রহমানের পুকুরে মাছের খাবার হিসেবে দেয়া হচ্ছিল।
এ সময় স্থানীয়দের সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল উপস্থিত হয়ে এ কাজে বাধা দেন। অভিযুক্ত কর্মচারী আশরাফুল ইসলাম বাবুল বলেন, প্যাকেটগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই এগুলো ফেলে না দিয়ে মাছের খাবার হিসেবে ব্যবহার করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা বলেন, একটি গুদামে খাবারজাত সামগ্রী থাকলে সেখানে ইঁদুরের উপদ্রব থাকে। গুদাম পরিষ্কারের সময় হয়তো সেখানে ইঁদুরে কাটা দুই-একটি প্যাকেট থেকে যায়। এটাকে অতিরঞ্জিত করার কিছু নেই।