admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জকাণ্ড দুই আসামি ৩ দিনের রিমান্ডে। গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির মধ্যে দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। তারা হলেন- আব্দুর রহিম (২০) ও রহমত উল্লাহ (৪১)। এ দুই আসামিকে আদালতে হাজির করে তাদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক মাসফিকুল হক।
গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে। এর ৩২ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছাড়া হলে ভাইরাল হয়। বিষয়টি প্রকাশ্যে আসলে গত রোববার রাতে ৯ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেন নির্যাতিত গৃহবধূ। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- বাদল, আব্দুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাহ। এর মধ্যে দুই মামলায় এখন পর্যন্ত নোয়াখালী ও ঢাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে প্রধান আসামি বাদলকে রোববার মধ্যরাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার বিকাল ও রাতে নোয়াখালী থেকে যাথাক্রমে আব্দুর রহিম (২০) ও রহমত উল্লাহকে (৪১) গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নির্যাতিতা নারী বেগমগঞ্জ থানায় যে দুটি মামলা করেছেন, তার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। ঘটনাটি এক মাস আগের হলেও ওই নারী কিংবা তার পরিবারের কেউ থানায় এতদিন কোনো অভিযোগ করেননি।