admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
মাস্ক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলার সব আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংস্থাটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। দুদক সচিব বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা তথ্য পেয়েছি যে, আসামিরা বিদেশে পালাতে পারেন। তাদের দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয়া হয়েছে।
এ মামলার আসামিরা হলেন- জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, ডেস্ক অফিসার সাব্বির আহমেদ ও জিয়াউল হক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির। এর মধ্যে জেএমআই’র আব্দুর রাজ্জাককে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ডে দেয়া হয়েছে। গতকাল রোববার থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। অন্য আসামিদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৭ জনকে আসামি করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থার উপ-পরিচালক মোঃনুরুল হুদা। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চে সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এন৯৫ মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের কার্যাদেশ জেএমআইকে দিয়েছিল ঔষন প্রশাসন অধিদপ্তর। এ কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠলে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করে অনুসন্ধানে নামে দুদক। প্রায় ৩ মাস অনুসন্ধানের পর এই ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে সংস্থাটি।