admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশ কাণ্ডের হোতা ঠিকাদার শাহাদাত বিভিন্ন প্রকল্পের আওতায় পণ্যের অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি নতুন নয়। তবে গত বছরের শেষাশেষি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতায় সরঞ্জাম কেনার নামে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে সেটা সবচেয়ে আলোচিত। ওই অর্থ আত্মসাতের পেছনে যে মূল হোতা, সেই ঠিকাদার শাহাদাতের জামিন দিয়েছে আদালত।
পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে জামিনের আবেদন করা হয়েছিল বেশ কিছুদিন আগেই। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সেই আবেদন মঞ্জুর করা হয়। তবে জামিনের খবরটি সম্পূর্ণ গোপন রাখা হয়, যে কারণে ওইদিন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়নি। জামিন পাওয়া আলোচিত ঠিকাদার শাহাদাত হোসেন সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের সত্ত্বাধিকারী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ওই প্রকল্পের আওতায় প্রত্যেকটি বালিশের পেছনে খরচ দেখানো হয়েছিল ৬ হাজার ৭১৭ টাকা। এর মধ্যে বালিশের দাম ৫ হাজার ৯৫৭ টাকা এবং সেই বালিশ ফ্ল্যাটে তোলার খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা। এমন অস্বাভাবিক খরচে কেনা হয়েছিল আরো অনেক সরঞ্জাম। সবমিলিয়ে আত্মসাতের ঘটনা ঘটেছিল ৩১ কোটি ২৪ লাখ টাকা।