admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২০ ৬:৫০ পূর্বাহ্ণ
পুলিশ সদস্যদের মধ্যে যাদের মাদকসেবী হিসেবে সন্দেহ হবে, তাদের ডোপটেস্ট করা হবে। আর এই ডোপটেস্টের রেজাল্ট পজিটিভ হলে তাকে চাকরি হারাতে হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এমনই সতর্কবার্তা দিয়েছেন। রোববার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ সভায় তিনি পুলিশ সদস্যদের এ বার্তা দেন। শফিকুল ইসলাম বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে কাজ করা হচ্ছে, তা অব্যাহত থাকবে।
ডিএমপি প্রধান পথশিশুদের মধ্যে যারা মাদক ও ড্যান্ডি খাচ্ছে, তাদের দিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। কারণ ভবিষ্যতে বড় হয়ে তাদের ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। শিশুদের কাছে জুতার সলুশন আঠা বিক্রি না করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করার নির্দেশও দেন তিনি।
তিনি জানান, বিট পুলিশিং এবং যেসব মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করা হবে। সেই তালিকা থেকে মাদকসেবীদের পুনর্বাসনে সহাযোগিতা করবে পুলিশ।
ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা মহানগর পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে বিভিন্ন থানায় সেবা প্রত্যাশীদের সঙ্গে যোগোযোগ করে দেখা যাচ্ছে যে, মামলা ও জিডি গ্রহণের ক্ষেত্রে পুলিশের আচরণে জনগণ সন্তোষ প্রকাশ করছে। এটা যেমন ধরে রাখতে হবে, তেমনি সেবার মান আরো বাড়াতে হবে।
এ ছাড়াও ঢাকা মহানগরীতে সংঘটিত হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলার ডিটেকশনের পরিমাণ অনেক ভালো বলেও জানান ঢাকা মহানগর পুলিশের প্রধান। গেল জুলাই মাসে যেসব পুলিশ সদস্য ভালো কাজ করেছেন, মাসিক অপরাধ সভায় স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।