admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ
মানববন্ধন পণ্ড করায় প্রত্যাহার হলেন বামনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার। বরগুনায় শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড করার সময় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) লাঞ্ছিত করার ঘটনায় এবার প্রত্যাহার হলেন বামনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ইলিয়াছ আলী তালুকদার। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়। এভাবেই এএসআইকে চড় মারেন বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।
তিনি জানান, ওসি কর্তৃক এএসআই লাঞ্ছিত হওয়ার ঘটনায় তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তারা ঘটনার সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদনে তারা ওই ওসিকে থানা থেকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে আজ বরিশার রেঞ্জ ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়। তাকে বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত রোববার ওই ভুক্তভোগী এএসআইকেও অন্যত্র পদায়নের জন্য বামনা থানা থেকে প্রত্যাহর করে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গত শনিবার লাঠিচার্জ করে শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ
মো. মফিজুল ইসলাম জানান, এই মুহূর্তে ভুক্তভোগী ওই এএসআই’র বামনা থানায় কাজ করার মতো অনুকূল পরিবেশ নেই। তাই তাকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করে দিতে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাকে অন্য কোনো স্থানে পদায়ন করা হবে। যতদিন পর্যন্ত তাকে অন্য কোথাও নতুন করে পদায়ন করা হচ্ছে না, ততদিন তিনি পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে বামনা উপজেলায় মানববন্ধন করে সেখানকার স্থানীয় শিক্ষার্থীরা। কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে থাকা এবং এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী গ্রেপ্তারকৃত (বর্তমানে জামিনে মুক্ত) সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়। কিন্তু হঠাৎই শান্তিপূর্ণ মানববন্ধন পণ্ড করতে পুলিশের একটি দল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন শত শত মানুষের সামনে কর্তব্যরত ওই এএসআইকে চড় মারেন।
এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি মো. ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেন বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর আজ সেই ওসিকেও প্রত্যাহার করা হয়।