admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ৫:১৩ অপরাহ্ণ
জেকেজি’র চেয়ারম্যান সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ জেকেজি’র চেয়ারম্যান সাবরিনা আরিফ করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে সিলগালা করে দেয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও সার্কেলের অতিরিক্ত কমিশনার মাহমুদ খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
মি. খান বলেন, জেকেজি’র প্রধান নির্বাহী ও তার (সাবরিনা আরিফের) স্বামীকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, ঐ একই মামলায় তাকেও গ্রেফতার করা হয়েছে। মাহমুদ খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ তলব করে, এবং জিজ্ঞাসাবাদ শেষে মামলার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়। আগামীকালই (সোমবার) তাকে আদালতে নেয়া হবে বলে নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা মাহমুদ খান।
করোনাভাইরাস পরীক্ষা করার অনুমোদন থাকলেও পরীক্ষা না করে ভুয়া ফলাফল দেয়ার অভিযোগে ২৩শে জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়।
ওদিকে, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠার পর শনিবার স্বাস্থ্য অধিদপ্তর একটি সংবাদি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় যে জেকেজি’র স্বত্বাধিকারী আরিফুল হক চৌধুরীর আরেকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় জেকেজি গ্রুপকে কোভিড পরীক্ষার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।