admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইকালে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। রোববার রাত ১০টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার চকসুত্রাপুর বাদুড়তলা এলাকার আব্দুল আহাদ আলীর ছেলে শীম মোহাম্মাদ (১৯), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (১৯), রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ হোসেন (১৮) ও নজরুল ইসলামের ছেলে রনি (২১)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১০টায় সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে জনৈক যাত্রীর পেটে চাকু ধরে তার সর্বস্ব ছিনতাইয়ের চেষ্টা করছিল একদল কিশোর। এ সময় ওই ট্রেন যাত্রীর চিৎকারে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জনকে গ্রেপ্তার করে।
পরে তাদের কাছ থেকে ধারালো চাকু জব্দ করা হয়েছে।ওসি মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।