admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদরে পূর্ব শত্রুতার জেরে কাঁচির আঘাতে রেজা ইসলাম (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গেলে মেহেদী নামে নিহতের বন্ধু আহত হন। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সদরের হরিগাড়ী ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেজা ইসলাম হরিগারি ইসলামপুর এলাকার মোতালেবের ছেলে।আহত মেহেদী একই এলাকার নান্টুর ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই ইউনুছ আলী।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহতের সঙ্গে হামলাকারীদের পূর্বশত্রুতা ছিল। বেশ কিছুদিন আগে রেজা হামলাকারীদের মধ্যে সাব্বির নামে একজনকে মারধর করেছিল। বিকেলে ইসলামপুর এলাকায় রুটি কিনে অটোরিকশা নিয়ে মেহেদীর সঙ্গে রেজা ফিরছিল। এমন সময় সাব্বিরসহ আরও কয়েকজনের মুখোমুখি হয় তারা। এ সময় রেজার সঙ্গে হামলাকারীদের কথা কাটাকাটি শুরু হয়।
এর এক পর্যায়ে ছোট কাঁচি দিয়ে রেজার পাঁজরে, পেটে আঘাত করে হামলাকারীরা। রেজাকে বাঁচাতে গেলে মেহেদীর ওপরেও হামলা চালানো হয়। এএসআই ইউনুছ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রেজাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ হাসপাতাল মর্গে আছে। আর মেহেদীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পূর্বশত্রুতার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, হামলাকারীদের সনাক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযানে নেমেছে খুব শীঘ্রই জড়িতদের ধরা হবে।