admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
মো:হুমায়ুন কবির রেজা: বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল করেছেন ইউনিয়ন বিএনপি। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে গড়েয়া বাজারে এ অবস্থান কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম রেদো শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সবকিছুর দাম বৃদ্ধি করে জীবনযাপন কঠিন থেকে কঠিন করে তুলেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সর্বগ্রাসী দূর্নীতি, ভোটাধিকার হরণের প্রতিবাদে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। কেন্দ্র থেকে যখনই ঘোষণা করা হবে আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়বো। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান নিশিরাতের এ অবৈধ আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তোশারফ হোসেন স্মরণ, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা। অবস্থান কর্মসূচি শেষে দেশবাসীর শান্তি কামনায় দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেন দলটি।