admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
শেখ মজিবের ম্যুরাল স্থাপন করা পাপ মন্তব্য করা সেই মেয়র গ্রেপ্তার। ইসলাম ধর্মে পাপ, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করার অনুমতি দেবেন না- এমন মন্তব্য করেছিলেন রাজশাহীর কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী। এই ঘটনার পর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা করা হয়। আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর হোটেল রাজমণি ইশা খাঁ থেকে মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তার মেয়র পদও কেড়ে নেওয়া হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হলেন পৌর মেয়র আব্বাস আলী। মেয়র জাহাঙ্গীরের মতো তারও একটি অডিও ফাঁস হয়েছে।
জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে দুবার মেয়র হওয়া আব্বাস আলীর নামে একটি অডিও গত ২১ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার বিরুদ্ধে ইতোমধ্যেই তিনটি মামলা দায়ের করা হয়েছে। ফাঁস হওয়া অডিওতে বলতে শোনা যায়, ইসলামের দৃষ্টিতে পাপ হওয়ায় রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধুর মুর্যাল না বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি সামনে এলে নিজের রাজনীতির ‘বারোটা বাজবে’ বলেও বলতে শোনা ওই অডিওতে। এক মিনিট ৫১ সেকেন্ডের ভাইরাল অডিওতে কেবল মেয়র আব্বাস আলীর বক্তব্যই শোনা যায়। অপরপ্রান্তে কে বা কারা কথা বলেছেন, সেটি জানা যায়নি।