admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পঅনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার। দেশে বেশ কয়েকটি অঞ্চলে শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, ভোর ৫ টা ৪৫ মিনিটে মিয়ানমারের চিন রাজ্যের হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ইউএসজিসি’র পরিমাপ অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৮ মাত্রার।
ঢাকার আবহাওয়া অফিসে দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, তীব্রতার পরিমাপে এটি ছিল মাঝারি মাপের ভূমিকম্প। ঢাকার আগারগাঁওয়ের কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ৩৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে অপেক্ষাকৃত তীব্রভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের মিজোরাম রাজ্যের কয়েকটি শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে, জানিয়েছে ইউএসজিএস। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।