admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
জাতীয় পার্টির রওশন এরশাদ একটানা ৭০ দিন হাসপাতালে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে এখনো তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে রয়েছেন। দুই-একদিনের মধ্যে কেবিনে স্থানান্তরের কথা রয়েছে। গত ১৪ আগস্ট থেকে, অর্থাৎ টানা ৭০ দিন তিনি সিএমএইচে ভর্তি। রওশন এরশাদের শারীরিক পরিস্থিতির এই তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সচিব আব্দুর রহিম ভূঁইয়া। তিনি বলেন, ম্যাডামের শরীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
এখন আবার বেডে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি আরও বলেন, বাসায় ম্যাডামের পরিচর্যার জন্য যথাযথ লোক কিংবা পরিবেশ নেই। তাছাড়া শারীরিকভাবে তিনি খুব দুর্বল। এসব বিষয় বিবেচনা করেই টানা ৭০ দিন হাসপাতালে রাখা হয়েছে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।
গত প্রায় ৬ মাস ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। এজন্য শেষ কয়েক মাসে সংসদ অধিবেশনেও যোগ দিতে পারেননি। দেখা যায়নি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও। অসুস্থ হয়ে পড়লে প্রথমে গত ২৯ এপ্রিল তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। ২৪ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ আগস্ট আবারও তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।