admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব আজ শুক্রবার প্রকাশ করেন ৫ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত, মৃত ৪০০। ঢাকাসহ সারাদেশে বিএনপির ৫ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তিন দিন আগের এই হিসাব আজ শুক্রবার প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন থানা ও ইউনিয়ন কমিটি থেকে পাওয়া তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান তিনি। সামর্থ্য অনুযায়ী গত বছরের মতো বিএনপির ত্রাণ কার্যক্রম আবারো চালু করতে নেতাকর্মীদে নির্দেশ দেয়া হয় এদিন।
করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব জানান, ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকরা যেসব সেবা দিয়েছিলেন, সেটিও চলমান থাকবে। করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকারের অসহায়ত্ব ও সমন্বয়হীনতা শুরু থেকেই দৃশ্যমান বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিশেষজ্ঞরা বার বার তাগিদ দিলেও হাসপাতালগুলো করোনা চিকিৎসার উপযোগী করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অব্যবস্থাপনার কারণে দেশে স্বাস্থ্যসেবায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, করোনা রোগীরা হাসপাতালে ভর্তি হতে পারছে না। সাধারণ স্বাস্থ্যসেবাও ভেঙে পড়েছে। হাসপাতালে ঘুরতে ঘুরতে সেবা না পেয়ে বেশুমার জীবন দিচ্ছে মানুষ। করোনা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসা না পাওয়ার আহাজারি বাতাসকে ভারি করে তুলেছে মন্তব্য করে তিনি বলেন, কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করছে লাখো-কোটি মানুষ। এমন অবস্থায়ও সরকারের মদদে শত শত কোটি টাকা লুটে নিচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী নামের দুর্বৃত্ত।