admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ৮:১২ পূর্বাহ্ণ
dtv,,রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
খালেদার বিরুদ্ধে ১১ মামলা হলো- দারুস সালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। আজ এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
প্রসঙ্গত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।