admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২১ ৩:৪৪ অপরাহ্ণ
কুষ্টিয়ার পুলিশ সুপারকে এস এম তানভীর আরাফাতকে হাইকোর্ট তলব করেছেন। পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহার করা সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এসপি এস এম তানভীর আরাফাত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে অভিযোগ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করা হয়। পরে সেই আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয়। সেইসঙ্গে এই আবেদনের অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দপ্তরেও পাঠানো হয়। এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর আবেদনের অনুলিপি পাওয়ার বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন।
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান ওই আবেদনে বলেন, ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। এর পর ১৬ জানুয়ারি তিনি যখন নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন, তখন সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে জনৈক ভোটারের অভিযোগের ভিত্তিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান যে, ভোটকেন্দ্রের বুথের ভেতর পোলিং এজেন্টদের সঙ্গে লম্বা বেঞ্চে কতিপয় ব্যক্তি বসে আছেন। তখন তিনি তাদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা পরিচয়পত্র না দেখিয়ে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত এ-ফোর সাইজের কাগজ দেখান। এর পর বিষয়টি নিয়ে কথা বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে বুথের বাইরে ডাকেন। এ সময় কথা বলা শুরু করতেই কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ৪০-৫০ জন ফোর্স নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এর পর কথা বলতে থাকা প্রিসাইডিং অফিসারকে উচ্চস্বরে তলব করেন এসপি।
মো. মহসিন হাসান অভিযোগে বলেন, ওই সময়ই অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ফোর্স প্রিসাইডিং অফিসারকে তার সাথে কথা বলতে না দিয়েই তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেন। তখন তিনি নিজের পরিচয় দেন এবং বলেন, প্রিসাইডিং অফিসারের সাথে একটি বিষয়ে তার কথা হচ্ছে। কথা শেষ হলে উনাকে তারা নিয়ে যাবেন। কিন্তু এএসপি মোস্তাফিজুর রহমান ধমক দিয়ে প্রিসাইডিং অফিসারকে তার সামনে থেকে নিয়ে যান এবং এ সময় পুলিশ সুপার তানভীর আরাফাত তার দিকে অগ্রসর হন এবং জিজ্ঞেস করেন, আপনি কে? কী করেন এখানে অভিযোগে আরো বলা হয়, এর পর তিনি যখন তার পরিচয় দেন তখন আরো ক্ষিপ্ত হন পুলিশ সুপার তানভীর আরাফাত। বলেন, এখানে কী করেন আপনি? বেয়াদব, বের হয়ে যান এখান থেকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পুলিশ সুপার ও তার ফোর্সদের এই আক্রমণাত্মক চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণে তিনি হতচকিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। এর পর এসপি ও তার সঙ্গীয় ফোর্সরা যখন তার সামনে দিয়ে যান, তখন তাকে উদ্দেশ করে একাধিকবার বলেন, এসব লোককে পাঠায় কে ? বেয়াদব ছেলে। এখানে আপনার কাজ কী ? বের হয়ে যান এখান থেকে। এর পর তিনি বিষয়টি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান আবেদনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আবেদনে আরো বলেন, পুলিশ সুপার ও তার সঙ্গীয় ফোর্স তার সঙ্গে যে আচরণ করেছেন, তা স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০১০ এর ৬৯, ৭০, ৭৪, ৮০ ও ৮১ বিধির সরাসরি লঙ্ঘন। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করছেন তিনি।