admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে প্রায় ২ হাজার ৯০৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আটককৃত যাত্রীর নাম মো. শাহিন (৩৫)। আটক ব্যক্তি বরগুনা সদর থানার পাঠাকাচা হেলিবানিয়া গ্রামের বাসিন্দা। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। সোমবার বিকেল ৫ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহিন বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় নিরাপত্তা ডিউটিকালে সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশ। পরবর্তীতে শাহিনকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নিজের পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন শাহিন। ওই যাত্রীকে আটক করে তার পাকস্থলী থেকে বের করা হয় ২ হাজার ৯০৫ পিস ইয়াবা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নভোএয়ার যোগে কক্সবাজার থেকে সে এই ইয়াবা নিয়ে ঢাকায় আসে।