admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন আপাতত গণটিকা কার্যক্রম নয়। মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম আপাতত আর শুরু হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে আজ রোববার দুপুরে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে সারাদেশে টিকা কর্মসূচি চালানোর জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলে আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান জাহিদ মালেক। মন্ত্রী বলেন, টিকা পেতে আমরা চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। এ ছাড়া যৌথভাবে টিকা উৎপাদনের ব্যাপারেও চুক্তি হবে আগামী সপ্তাহে। রাশিয়ার সঙ্গেও আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। এখন আমরা টিকা পাওয়ার অপেক্ষায় আছি। অন্যদিকে, ভারতের কাছে ২ কোটি ৩০ লাখ টিকা পাওনা আছে।
কোনো কার্যক্রম আটকে নেই। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। টিকা পাওয়া সাপেক্ষে আবারো শুরু হবে গণটিকা কার্যক্রম। জাহিদ মালেক বলেন, চলতি সপ্তাহে ৫৪ লাখ টিকা পেয়েছি আমরা। চলতি আগস্ট মাস শেষের আগেই আরো ৫০ লাখ ডোজ টিকা পাওয়া আশা করছি আমরা। তবে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম এর মধ্যেও চলমান থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার সংক্রমণ প্রসঙ্গে বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আমাদের সংক্রমণ পরিস্থিতি গত মাসেও অনেকটা খারাপ ছিল। এক পর্যায়ে সংক্রমণের হার ৩২ শতাংশে উঠেছিল। তবে সেটা এখন কমে গেছে এবং ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তার মানে এই যে, সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে বলে আমরা সন্তুষ্ট, বরং সংক্রমণ ৫ শতাংশের নিচে দেখতে চাই আমরা।