admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২০ ৭:০৭ পূর্বাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শীতে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। তাই বেখেয়ালি হওয়া যাবে না। তাহলে বিপদে পড়ে যাব। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় ইতিপূর্বে আমরা অনেক ভালো করেছি। ফলে মৃত্যুর হার কম ছিল আমাদের দেশে। সুতরাং শীতকালে আমাদের উদাসীন হলে চলবে না। বেখেয়ালি হলে আমরা বিপদে পড়ে যাব।
ভাটবাউর এলাকায় মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় আড়ৎ উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে যদি আমরা আগের অবস্থা ধরে রাখতে চাই, তাহলে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মানতে পারলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকব। আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।