রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ মার্চ) থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। মূলত জাতীয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার স্বার্থে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত সময়ের বাইরে দর্শনার্থীদের স্মৃতিসৌধে না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।