admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা থেকে এনএসআই সদস্যের মরদেহ উদ্ধার। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা থেকে ওই সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। তার নাম ইয়াকুব আলী মিলন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, বাথরুমের কার্নিশে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এনএসআই কর্মকর্তা ইয়াকুব আলীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। গত ৫ নভেম্বর তিনি ছুটি নিয়ে সুনামগঞ্জে যান।
দুদিন পর খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে মনে করছে। তবে তারা এও বলছেন, তদন্ত শুরু হয়ে গেছে। দ্রুতই সঠিক খবরটি বেরিয়ে আসবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন ইয়াকুব আলী মিলন।
পড়াশোনা শেষে এনএসআইয়ের চাকরি নেন। বাবার নাম নুরুজ্জামান। পরিবারের বড় ছেলে ইয়াকুবের মৃত্যুতে শোকে মুহ্যমান সবাই। তারাও এমন অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণ ব্যাখ্যা করতে পারছেন না।