admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা রাশেদ খানের হত্যা ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যাব হেফাজতে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য।
বুধবার বিকালে কনস্টেবল মো. আব্দুল্লাহ নামের ওই এপিবিএন সদস্য কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনহা হত্যা মামলার আসামি এপিবিএন সদস্য কনস্টেবল মো. আব্দুল্লাহকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বুধবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়। আদালতের খাস কামরায় দীর্ঘ সময় ধরে তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক তামান্না ফারাহ।
উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় কক্সবাজারের ওই আদালতে মামলা করেন নিহতের বড় বোন। ওই মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে র্যাব।
আদালত পুলিশের পরিদর্শক আরো জানান, জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় কনস্টেবল আব্দুল্লাহকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।