admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
সারাদেশে পেঁয়াজের দাম এক লাফে ৭০ টাকা। দেশে হঠাৎ করেই ফের পেঁয়াজের দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি। আজ বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।এদিন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ নতুন কেনা ৭০ টাকা এবং আগের কেনা ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত ১ অক্টোবর ছিল ৪৫-৫০ টাকা। সে অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজে ২০-২৫ টাকা বেড়েছে দাম, যা আরো বাড়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
হঠাৎ করেই পেঁয়াজের দাম আবারো বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পেঁয়াজ কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন। এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে তিক্ততা সৃষ্টি হচ্ছে। অসময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য আড়তদারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, পাইকারি বাজারে বেশি দামে পণ্যটি কেনার কারণে খুচরা বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে আড়তদাররা বলছেন, ভারত দাম বাড়িয়ে দেয়ায় আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারতের মধ্যপ্রদেশের পেঁয়াজ আমদানি করা হয় সবচেয়ে বেশি। এবার সেখানকার আবহাওয়া অনুকূলে না থাকায় ব্যাঙ্গালুরু থেকে আনা হচ্ছে পণ্যটি। ওই পেঁয়াজ ট্রাকে করে হিলি বন্দর দিয়ে দেশে ঢুকতে ৭ দিন সময় লাগায় পচন ধরে যাচ্ছে, যা লোকসানের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার জন্য ভারতে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া পূজার মৌসুম হওয়ায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে মোকামগুলোতে লোডিং কমে গেছে, বুকিং রেট বেড়ে গেছে। তবে পূজার পর বাজার আবার স্থিতিশীল হবে বলে মনে করছেন অনেকে।
দেশের বৃত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জেরর ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসানের ভয়ে পেঁয়াজ আনা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই পণ্যটির দাম বেড়ে গেছে।