admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২ ৫:০৩ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান, ঢাকাঃ সাভারে একটি পরিত্যক্ত মাঠ হতে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় একটি জঙ্গলের পাশে খোলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম মো: আলম সোনার (৩০), সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার শৌলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার গায়ে ছিল লাল শার্ট ও পরনে ছিল নীল হাফ প্যান্ট। এর আগে সকালে কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখতে পায় কৃষকরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশে ক্রিকেট খেলার একটি স্টাম্প পাওয়া গেছে। তাঁর দুই পায়ে বড় বড় ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে তুলে নিয়ে এসে ওই জঙ্গলে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।