admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকা জেলা পুলিশের অধীনস্থ সাভার মডেল থানায় দুই পুলিশ পরিদর্শকসহ একযোগে ছয় কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো: আব্দুল্লা বিশ্বাসের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন দাস প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসসহ বিদায়ী সবার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, অন্যত্র বদলি হওয়া দুই পরিদর্শক, এক উপ-পরিদর্শক, দুই সহকারী উপ- পরিদর্শক ও এক কনস্টেবল অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই পুলিশ বাহিনীর জন্য অবিচল। তাদের কর্মদক্ষতায় সাভার মডেল থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছেন। অপরাধ দমনে তাদের কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকের উত্তরোত্তর উন্নতি ও পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।
এসময় অফিসার ইনচার্জকে কৃতজ্ঞতা জানিয়ে সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে বলেন, অন্যত্র বিদায়কালে আমরা প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানার পুলিশ কর্মকর্তারা যেন সাভার মডেল থানার ওসির মতো অহিংস ও পুলিশ দরদী হন। চাকরিজীবনে করুণ বাস্তবতা মেনে নিয়ে বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মনোমুগ্ধ ওই পুলিশ সদস্যরা আবেগের স্রোতে তাদের এই প্রত্যাশার কথাটিও জানান। এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথির উপস্থিত ছিলেন।